যশোরে ট্রাকের বডি ঝালাইয়ের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিস্ত্রির মৃত্যু

যশোর শহরের মুরুলি এলাকায় একটি গ্যারেজে ট্রাকের বডি মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোস্তাফিজুর (২৫) নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তাফিজুর যশোর শহরের চাঁচড়া কলোনিপাড়া এলাকার মমিনুর রহমান বাবুর ছেলে। তিনি পেশায় একজন ট্রাকের বডি তৈরির মিস্ত্রি ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে মোস্তাফিজুর যশোর সদর উপজেলার মুরুলি এলাকায় শ্যামল নামের এক ব্যক্তির গ্যারেজে একটি ট্রাকের বডি মেরামতের কাজ করছিলেন। বডিতে ওয়েল্ডিং (ঝালাই) করার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। গ্যারেজে থাকা অন্য সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মোস্তাফিজুরকে মৃত ঘোষণা করেন।

যশোর জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে আনার আগেই মোস্তাফিজুরের মৃত্যু হয়েছে। বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়।

এ বিষয়ে জানতে চাইলে যশোর কোতোয়ালি মডেল থানার পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Exit mobile version