কারণে-অকারণে ওয়াকআউট না করতে স্পিকারের অনুরোধ

কারণে-অকারণে সংসদ অধিবেশন ওয়াকআউট না করতে বিরোধী দলকে আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। একই সঙ্গে সরকারি দলকেও বিরোধী দলের সঙ্গে সমঝোতার চেষ্টা করারও আহ্বান জানান তিনি।

শনিবার (১৮ এপ্রিল) দুপুর সোয়া দুইটায় বরিশাল সার্কিট হাউজে বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

স্পিকার বলেন, সংসদ ওয়াকআউট বিরোধী দলের অধিকার। তবে দীর্ঘ সময় সংসদ বয়কট করলে সংসদ ক্ষতিগ্রস্ত হবে এবং জনগণ তাদের অধিকার হারাবে।

তিনি বলেন, স্বৈরশাসকের বিরুদ্ধে যারা একত্রে আন্দোলন করেছে, তারা যেন নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখেন। নয়তো বিদেশে যারা পালিয়ে আছে, তারা ফিরে এসে আবারও দুঃশাসন কায়েম করবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক মতভিন্নতা গণতন্ত্রের স্বাভাবিক অংশ। তবে অকারণে বা দীর্ঘ সময় সংসদ বয়কট করা গণতন্ত্রের জন্য ক্ষতিকর। কারণ ছাড়া সংসদ ত্যাগ করবেন না। একই সঙ্গে বিরোধী দলকে কার্যকরভাবে অংশগ্রহণের সুযোগ দিতে এবং সমঝোতার পরিবেশ তৈরি করতে হবে। এতে সংসদীয় গণতন্ত্র আরও শক্তিশালী হবে। রাজনৈতিক মেনিফেস্টো বাস্তবায়ন করতে গিয়ে যেন জনগণের অধিকার ক্ষুণ্ণ না হয়, সে বিষয়ে সকল দলকে সতর্ক থাকতে হবে।

Exit mobile version