যেভাবে অভাব দূর হয়েছিল তাবুক যুদ্ধে

আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, তাবুকের যুদ্ধের সময় সাহাবাদের মধ্যে খাবারের তীব্র অভাব দেখা দেয়। সাহাবিরা বললেন, ইয়া রাসুলাল্লাহ, আপনি অনুমতি দিলে সেচ করার উটকে জবাই করতাম, গোশত খেতাম এবং চর্বি ব্যবহার করতাম।

মহানবী (সা.) বললেন, তোমরা তা করতে পারো। তখন ওমর (রা.) এসে বললেন, ইয়া রাসুলাল্লাহ, এমনটা করলে তো বাহন কমে যাবে। আপনি বরং সবার অতিরিক্ত খাবার উপস্থিত করতে বলুন। এবং আপনি তাতে বরকতের দোয়া করে দিন। আল্লাহ হয়তো এতে বরকত দেবেন।  মহানবী (সা.) বললেন, হ্যাঁ, তা-ই হোক।

তিনি একটি চামড়ার দস্তরখানা আনার জন্য আদেশ দিলেন এবং তাতে সবার অবশিষ্ট খাদ্যদ্রব্য একত্রিত করতে বললেন। কেউ এক মুষ্টি ভুট্টা আনলেন, কেউ আনলেন এক মুষ্টি খেজুর, আবার কেউ রুটির একটি টুকরাও আনলেন। এভাবে বেশ কিছু পরিমাণ খাবার একত্রিত হয়। তখন মহানবী (সা.) তাতে বরকতের দোয়া করলেন।

তারপর বললেন, তোমরা নিজ নিজ পাত্রে নিতে থাকো। সবাই যার যার পাত্রে নিতে শুরু করলেন। এমনকি সাহাবাদের কারোরই পাত্র বাকি রইল না। তাঁরা সবাই খাবার খেয়ে পরিতৃপ্ত হলেন এবং কিছু খাবার উদ্বৃত্তও রয়ে গেল। মহানবী (সা.) বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই এবং আমি আল্লাহর প্রেরিত রাসুল। যে বান্দা সন্দেহমুক্ত হয়ে এ দুটি সাক্ষ্য দেবে, তাকে জান্নাতে যেতে কেউ বাধা দিতে পারবে না। (সহিহ মুসলিম, হাদিস নম্বর : ১৩৯)

Exit mobile version