মাধবনের ‘পারফেক্ট’ সংসার: সুখের রহস্য উন্মোচন

পর্দায় তিনি যেমন সফল, ব্যক্তিগত জীবনেও আর মাধবন ঠিক ততটাই গোছানো। স্ত্রী ও মেধাবী সন্তানকে নিয়ে তার সাজানো সংসার অনেকের কাছেই ঈর্ষণীয়। সম্প্রতি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিনেমার সাফল্যের রেশ কাটতে না কাটতেই নিজের ব্যক্তিগত জীবনের দর্শন নিয়ে মুখ খুলেছেন এই অভিনেতা।

সমাজমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে মাধবন জানিয়েছেন, পরিবারে শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে হলে চারটি বিষয়কে অবিলম্বে বিদায় জানানো প্রয়োজন।

তার মতে, এই চারটি অভ্যাস ত্যাগ করলেই একটি সংসার প্রকৃত অর্থে সুখী হয়ে উঠতে পারে।
মাধবনের মতে, বাড়ির ভেতরে সারাক্ষণ নেতিবাচক তর্কাতর্কি বা মতবিরোধ চললে সেখানে শান্তি থাকে না। মানুষের মধ্যে মতের অমিল হতেই পারে, কিন্তু পরিবারের সদস্যদের সঙ্গে সমতা বজায় রেখে ও সুব্যবহার করে সেই তিক্ততা দূর করাই শ্রেয়। অনেকেই জীবনে কী পেলেন না, তা নিয়ে অনবরত অভিযোগ করতে থাকেন।

মাধবন মনে করেন, যা নেই তা নিয়ে আক্ষেপ না করে, যা আছে তার জন্য কৃতজ্ঞ হওয়া উচিত। অভিযোগ জানানোর মানসিকতা ত্যাগ করলে মনে প্রশান্তি আসে। সুখের পথে অন্যতম বড় বাধা হলো আলস্য। অভিনেতার পরামর্শ অনুযায়ী, অলস স্বভাব ঝেড়ে ফেলে নিয়মনিষ্ঠ জীবনযাপন করা জরুরি।
আলস্য ত্যাগ করে সময়মতো কাজ করলে পরিবারে দ্রুত সমৃদ্ধি আসে। বাড়ি অপরিচ্ছন্ন ও অগোছালো থাকলে তার প্রভাব পরিবারের ওপর পড়ে। ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে মনে যেমন প্রফুল্লতা আসে, ঠিক তেমনি সংসারেও ইতিবাচক পরিবেশ তৈরি হয়।
মাধবনের এই পরামর্শগুলো বর্তমানে নেটিজেনদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। কর্মজীবনের ব্যস্ততার মাঝেও পরিবারকে কীভাবে হাসিখুশি রাখা যায়, তার এই সহজ পাঠ অনেকের কাছেই এখন জীবন বদলানোর মন্ত্র।

Exit mobile version