যশোরের বাঘারপাড়া উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে উপজেলার হাগড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন— বাঘারপাড়া উপজেলার দড়ি জাফরপুর গ্রামের লিটন হোসেনের ছেলে সৌরভ (২০) ও নায়েব আলীর ছেলে মিশান (২২)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে সৌরভ ও মিশান মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। হাগড়া এলাকার পাকা সড়কে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে দুই আরোহী ছিটকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় তাদের মাথায় কোনো হেলমেট ছিল না। প্রথমে আহত ওই দুই যুবককে দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে মাগুরা জেলার শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আহত সৌরভের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এ ঘটনায় আহতদের স্বজনরা তাদের দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
