কক্সবাজারে ভোক্তা অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানে জরিমানা

কক্সবাজারে নকল বাসমতী চাল বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে শহরের বড় বাজার ও লাইট হাউস এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, বড় বাজার এলাকার চালের আড়ত ‘মেসার্স জাহানারা ট্রেডার্স’ নামি ব্র্যান্ডের বাসমতী চালের খালি বস্তা সংগ্রহ করে তাতে নিম্নমানের চাল ভরে বিক্রি করছিল। এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় দণ্ডনীয় অপরাধ। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, লাইট হাউস মোড়ে অবস্থিত ‘মেজ্জান ডাইন’ রেস্তোরাঁয় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ এবং রান্নায় মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। যা একই আইনের ৫২ ধারার আওতায় শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক মো. হাসান আল মারুফ জানান, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। তিনি বলেন, “আসল প্যাকেট ব্যবহার করে নকল পণ্য বিক্রি করা গুরুতর অপরাধ। বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এবং ভোক্তাদের সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানকালে সংশ্লিষ্টদের সতর্ক করা হয় এবং সাধারণ ক্রেতাদেরও পণ্য কেনার সময় সচেতন থাকার আহ্বান জানানো হয়। জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিত চলবে বলেও জানানো হয়।

Exit mobile version