যশোরে কুখ্যাত চোর শাহিন ইসলাম শামীম ওরফে ‘স্পাইডার শামীম’-কে আবারও আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের শেখহাটি বাবলাতলা এলাকার একটি ভাড়াবাসা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
আটক শামীম শংকরপুর এলাকার শহিদুল ইসলাম ওরফে রবির ছেলে। শনিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, গত ১২ ফেব্রুয়ারি শহরের কাজীপাড়া এলাকার বাসিন্দা নুসরাত নাজনীন অসুস্থতার কারণে ঢাকায় যান। ২৮ ফেব্রুয়ারি দুপুরে বাড়িতে ফিরে তিনি দেখতে পান ঘরের মালামাল এলোমেলো অবস্থায় রয়েছে। পরে বাসার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, ওই রাতেই স্পাইডার শামীম কৌশলে ঘরে প্রবেশ করে এক জোড়া সোনার চেইন, এক জোড়া কানের দুল, ছয়টি আংটি, একটি রুপার ব্রেসলেট, একটি রুপার আংটি এবং নগদ ১৫ হাজার ৫০০ টাকা চুরি করে নিয়ে যায়। এতে মোট প্রায় ৪ লাখ ৮০ হাজার ৫০০ টাকার মালামাল খোয়া যায়।
এ ঘটনায় ভুক্তভোগী নুসরাত নাজনীন যশোর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) অলোক কুমার দে জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রথমে শামীমকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং তার কাছ থেকে এক জোড়া স্বর্ণের চেইন ও এক জোড়া কানের দুল উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য ২ লাখ ৩৬ হাজার ৮৯৭ টাকা।
তিনি আরও জানান, শাহিন ইসলাম শামীম একজন চিহ্নিত চোর। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এবং এর আগেও তিনি কয়েকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন।
চুরি হওয়া অন্যান্য মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
