যশোরে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা সম্পন্ন, লিখিত ১৬ মে

যশোরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার তৃতীয় ও শেষ দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। আজ রোববার সকাল আটটা থেকে যশোর পুলিশ লাইন্স মাঠে অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নিয়োগ পরীক্ষার শেষ দিনে প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাইয়ের জন্য দৌড়, ড্র্যাগিং ও রোপ ক্লাইমিং (দড়ি বেয়ে ওঠা)—এই তিনটি গুরুত্বপূর্ণ ইভেন্ট অনুষ্ঠিত হয়। প্রতিটি ইভেন্ট শুরুর আগে পুলিশ কর্মকর্তাদের পক্ষ থেকে প্রার্থীদের নিয়ম-কানুন সম্পর্কে বিস্তারিত ব্রিফিং প্রদান করা হয়। এসব ইভেন্টে যারা সফলভাবে উত্তীর্ণ হয়েছেন, তারাই কেবল পরবর্তী ধাপ অর্থাৎ লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বলে বিবেচিত হয়েছেন।

নিয়োগ বোর্ডের সভাপতি ও যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম পরীক্ষার কার্যক্রম পরিদর্শন করেন। উপস্থিত প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, “সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতেই এবারের নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখানে কোনো ধরনের তদবির বা অনৈতিক সুযোগের অবকাশ নেই।”

তিনি আরও সতর্ক করে বলেন, “প্রার্থীরা যেন কোনো দালাল বা প্রতারক চক্রের প্রলোভনে না পড়েন। কোনো ধরনের আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ সুপার জানান, শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আগামী ১৬ মেলিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। সেই লক্ষ্যে এখন থেকেই প্রার্থীদের যথাযথ প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন তিনি।

পরীক্ষা চলাকালীন নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্সের নিয়োগ তদারকি কমিটির প্রতিনিধি এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা পুলিশ জানিয়েছে, পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ রাখতে সিসিটিভি ক্যামেরা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

Exit mobile version