গ্যাসের সমস্যা সমাধানে সরকার এবার ‘এলপিজি কার্ড’ প্রদানের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘দেশের প্রতিটি সাধারণ ও নারী প্রধান পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পাশাপাশি সরকার এবার এলপিজি কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে।’
আজ সোমবার যশোরে উলশীতে খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘মা-বোনদের একটি কারণে খুব কষ্ট হয়, রান্নাবাড়ির ব্যাপারে কষ্ট হয়; সেটি গ্রামের মা-বোনই হোক, সেটি শহরের মা-বোনই হোক।
আমরা যেমন সারা দেশের মায়েদের কাছে আমরা যেমন ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি, সেরকম আরেকটি কাজ দিতে চাই সেটি হবে এলপিজি কার্ড। এলপিজি গ্যাস এটি আমরা মা-বোনদেরকে পৌঁছে দিব যাতে করে মা-বোনদেরকে রান্নাবান্নার জন্য কষ্ট করতে না হয়।’ নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ৫ বছরের মধ্যে সব গ্রামে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আমরা নির্বাচনের আগে বলেছিলাম খাল খনন করব, আমরা ওয়াদা রেখেছি।
বলেছিলাম মা-বোনদের স্বাবলম্বী করার জন্য আমরা ফ্যামিলি কার্ড দেব। ইনশাল্লাহ আগামী ৫ বছরের মধ্যে আমরা চেষ্টা করব সকল গ্রাম, দেশের সকল গ্রামে সকল মায়েদের হাতে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার।
