এপ্রিল ২৬-এ রেমিট্যান্সে ২৭১ কোটি ডলার, প্রবৃদ্ধি ২০% এর কাছাকাছি

চলমান এপ্রিল মাসের প্রথম ২৬ দিনেই দেশে প্রবাস আয় (রেমিট্যান্স) এসেছে ২৭১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩ হাজার ১৫৯ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে এই তথ্য জানিয়েছেন Bangladesh Bank-এর মুখপাত্র আরিফ হোসেন খান।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু রবিবার এক দিনেই দেশে এসেছে প্রায় ১ হাজার ৬৯৫ কোটি ৮০ লাখ টাকা প্রবাস আয়। গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৫ সালের এপ্রিলের প্রথম ২৬ দিনে রেমিট্যান্স এসেছিল ২২৭ কোটি ১০ লাখ ডলার, যা থেকে চলতি বছরে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১৯ দশমিক ৬০ শতাংশ।

চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৬ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স দাঁড়িয়েছে ২ হাজার ৮৯২ কোটি ৬০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ২ হাজার ৪০৫ কোটি ৬০ লাখ ডলার। ফলে বছরে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২০ দশমিক ২০ শতাংশ। বিশ্লেষকদের মতে, বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি এবং প্রবাসী আয়ের স্থিতিশীলতা এই প্রবৃদ্ধির মূল কারণ।

Exit mobile version