টানা কয়েকদিনের বৃষ্টির প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সবজির বাজারে দেখা দিয়েছে অস্থিরতা।
সরবরাহ কমে যাওয়ায় অধিকাংশ সবজির দাম বেড়ে দাঁড়িয়েছে কেজিপ্রতি ৬০ থেকে ৮০ টাকায়, আর কিছু কিছু সবজি ছাড়িয়েছে ১০০ টাকার ঘরও। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, চিকন বেগুন বিক্রি হচ্ছে কেজি ৮০ থেকে ১০০ টাকায় এবং বড় গোল বেগুন ১৩০ থেকে ১৫০ টাকায়।
কাঁকরোলের দাম ১০০ থেকে ১২০ টাকা। টমেটো ৬০-৭০ টাকা, বরবটি ৬০-৮০ টাকা, পটোল ও ঝিঙে ৬০-৭০ টাকা এবং ঢ্যাঁড়স ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচা মরিচের দাম কেজিপ্রতি ১২০ টাকা, করলা ৬০-৮০ টাকা এবং লাউ প্রতিটি ৬০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচকলার হালি (৪টি) বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়।
শুধু সবজি নয়, মুরগির বাজারেও অস্থিরতা দেখা গেছে। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৮৫-১৯০ টাকা এবং সোনালী মুরগি ৩৩০-৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতারা বলছেন, বৃষ্টির মধ্যে কষ্ট করে বাজারে এসে চড়া দামের কারণে বিপাকে পড়তে হচ্ছে। এক কেজি বেগুন কিনতেই ১৪০ টাকা খরচ হচ্ছে, যা সাধারণ মানুষের জন্য চাপের বিষয়।
অন্যদিকে বিক্রেতারা জানান, টানা বৃষ্টির কারণে দেশের বিভিন্ন স্থান থেকে সবজির সরবরাহ কমে গেছে। পাশাপাশি কিছু সবজির মৌসুম না থাকায় দাম আরও বেড়েছে। ফলে বাজারে এই অস্থিরতা তৈরি হয়েছে।
