টঙ্গীতে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫০ জন আটক

টঙ্গীতে মাদক বিরোধী বিশেষ অভিযানের ধারাবাহিক অংশ হিসেবে হাজী মাজার বস্তি, কেরানীর টেক সহ বিভিন্ন স্থান থেকে এবার ৫০ জনকে আটক করেছে পুলিশ। এসময় পুলিশ একাধিক মাদক বিক্রয় কক্ষ সিলগালা করে দেয়।

আজ মঙ্গলবার (৫ মে) সকাল ৬:টা থেকে বেলা ১২ টা পর্যন্ত এই বিশেষ অভিযান চলে।

পুলিশ জানায়, টঙ্গী মাজার বস্তিতে মাদক বিরোধী মেরাথন অভিযান চলছে। ধারাবাহিকভাবে চলমান অভিযানের অংশ হিসেবে আজ সকাল থেকে চলা বেলা ১২ টা পর্যন্ত ৫০ জনকে আটক করা হয়। তাদের দখল থেকে দুই কেজি গাঁজা, হেরোইন সহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার হয়েছে। অভিযান কালে পুলিশ বস্তিতে একাধিক শীতাতপনিয়ন্ত্রিত কক্ষ খুঁজে পেয়েছে। এসব বিলাসী কক্ষ ও কক্ষের সাথে সংযুক্ত একাধিক সুরঙ্গপথের সন্ধান পায় পুলিশ। বাহির থেকে তালাবদ্ধ রুমের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মাদকও মাদক সেবনের আলামত জব্দ করা হয়। নামীদামী লোকেরা এখানে মাদক সেবন করতে আসে বলে পুলিশের ধারণা।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আরিফুর রহমান বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান ১৬ জন ও গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সৈয়দ মিজানুল হক ২ কেজি গাঁজা সহ একজনকে আটক করা হয়েছে বলে জানান।

অভিযানের বিষয়ে নেতৃত্ব দেওয়া জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো: বেলায়েত হোসেন বলেন, মাদক পুরোপুরি নির্মূলে কাজ চলছে। আজকে মাদক বিক্রয় কেন্দ্র গুলো সিলগালা করা হচ্ছে। এই অভিযান অব্যাহত থাকবে।

Exit mobile version