নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতন-ভাতার দাবিতে একটি রপ্তানিমুখী তুলা কারখানার শ্রমিকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। উত্তেজিত শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে প্রায় ঘণ্টাব্যাপী সড়ক বন্ধ থাকায় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন।
বুধবার দুপুরে উপজেলার তারাবো পৌরসভার যাত্রামুড়া স্লুইসগেট এলাকায় অবস্থিত নোবেল কটন স্পিনিং মিলস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, কারখানাটিতে তুলা থেকে সুতা উৎপাদন করা হয় এবং এখানে প্রায় ৭ শতাধিক শ্রমিক কর্মরত রয়েছেন। মালিকপক্ষ গত ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসের বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দিয়ে আসছিলেন, কিন্তু নির্ধারিত সময়েও তা পরিশোধ করা হয়নি। বেতন না পেয়ে অনেক শ্রমিক মানবেতর জীবনযাপন করছেন। মুদিদোকানিরা বাকিতে পণ্য দিচ্ছেন না, বাড়িওয়ালারাও ভাড়ার জন্য চাপ দিচ্ছেন।
এ অবস্থায় শ্রমিকরা নারায়ণগঞ্জ শ্রমিক ফেডারেশন ইউনিয়নের শরণাপন্ন হন। পরে মালিকপক্ষ চলতি মাসের ৬ তারিখের মধ্যে বেতন পরিশোধের আশ্বাস দেয়। কিন্তু বুধবার সকালে কাজে যোগ না দিয়ে শ্রমিকরা পুনরায় বকেয়া বেতনের দাবি জানালে মালিকপক্ষ তা পরিশোধে অপারগতার কথা জানায়।
এরপর শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন এবং একপর্যায়ে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় মালিকপক্ষ বৃহস্পতিবার সকালে বকেয়া বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক ছেড়ে দেন।
শ্রমিকরা আরও অভিযোগ করেন, মালিকপক্ষের পক্ষ হয়ে স্থানীয় আব্দুল লতিফ নামের এক ব্যক্তি তাদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়েছেন। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন তারা।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মালিকপক্ষ বকেয়া বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দিয়েছে।
