জুস নিয়ে বিতর্ক, হাঁসুয়ার কোপে প্রাণ গেল জামায়াত নেতার

বাগেরহাটের চিতলমারীতে জুস কেনাবেচাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর নেতা ও মুদি দোকানি মো. মোজাহিদ মোল্লাকে (৪২) কুপিয়ে হত্যা করেছেন এক খরিদ্দার। খবর পেয়ে অভিযুক্তকে মারধর করে তার বাড়ি ভাঙচুর করেছে উত্তেজিত এলাকাবাসী।

বৃহস্পতিবার (৭ মে) সকাল ৭টার দিকে উপজেলার হিজলা গ্রামে এই ঘটনা ঘটে।

মৃত মোজাহিদ মোল্লা বাংলাদেশ জামায়াত ইসলামী হিজলা ইউনিয়ন শাখার ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন।

তিনি হিজলা পশ্চিমপাড়া গ্রামের সরোয়ার মোল্লাার ছেলে। তার স্ত্রী এবং হাফিজ, ফারিয়া ও ফারহানা নামের তিনজন শিশুসন্তান রয়েছে।

পুলিশ, হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে প্রতিদিনের ন্যায় মোজাহিদ তার বাড়ির সামনের মুদি দোকানদারি করছিলেন। এ সময় হিজলা খাপাড়া গ্রামের বাদশা শেখের ছেলে বায়জিদ শেখ (৪০) মোজাহিদের দোকান থেকে একটি জুস কিনে হাতে নিয়ে বলেন, এটা ভালো না।

এ নিয়ে বিতর্কের এক পর্যায়ে বায়জিদ তার হাতে থাকা হাঁসুয়া (ঘাস কাটা এক ধরনের কাস্তে) দিয়ে মোজাহিদের গলায় কোপ দেয়। পরে স্থানীয়রা আহত মোজাহিদকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে মোজাহিদ মোল্লার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা বায়জিদ শেখের বাড়িতে হামলা চালায় এবং তাকে পিটিয়ে আহত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে বায়জিদকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, হত্যার অভিযোগে বায়জিদ শেখকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা করার প্রস্তুতি চলছে।

Exit mobile version