৫ মামলায় চিন্ময় দাসের জামিন আদেশ ১০ মে

হত্যাসহ পাঁচটি মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন প্রশ্নে জারি করা রুলের শুনানি শেষ হয়েছে। রায়ের জন্য আগামী ১০ মে দিন ধার্য করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (০৭ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষ করে এই তারিখ নির্ধারণ করেন। এর আগে, গত বছরের ১ সেপ্টেম্বর এ বিষয়ে রুল জারি করা হয়েছিল।

গত বছরের ৩০ এপ্রিল রাষ্ট্রদ্রোহ মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর তার বিরুদ্ধে আরও পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রামের কোতোয়ালি থানায় বিএনপির চান্দগাঁও মোহরা ওয়ার্ডের সাধারণ সম্পাদক ফিরোজ খান রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। এতে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনকে আসামি করা হয়।

এরপর ২৫ নভেম্বর তাকে গ্রেপ্তার করা হয় এবং পরদিন আদালতে হাজির করা হলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। ওই সময় আদালত প্রাঙ্গণে তার অনুসারীরা বিক্ষোভ করে এবং তাকে কারাগারে নেওয়া ঠেকানোর চেষ্টা করে। পরে সংঘর্ষের ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় তার বাবা একটি হত্যা মামলা করেন। পাশাপাশি পুলিশের ওপর হামলা, কাজে বাধা, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও চারটি মামলা দায়ের হয়।

Exit mobile version