যশোরের কেশবপুরে স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে বিষপান করে হারুন (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। আজ রোববার সকালে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত হারুন যশোর জেলার কেশবপুর উপজেলার বিজয়নগর ইউনিয়নের কাশিমপুর এলাকার ইনছান আলীর ছেলে।
পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল শনিবার (৯ এপ্রিল) সকাল নয়টার দিকে হারুন সদর উপজেলার আব্দুলপুর ইউনিয়নে তাঁর শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। সেখানে কোনো একটি বিষয় নিয়ে তাঁর স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রীর ওপর অভিমান করে ঘরে থাকা বিষপান করেন তিনি।
হারুনকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকাল সাতটার দিকে তাঁর মৃত্যু হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
