ঈদগাঁও পশুর হাটে টোল দেবেন শুধু বিক্রেতা, স্বস্তিতে ক্রেতারা

দক্ষিণ চট্টগ্রামের অন্যতম বৃহৎ কোরবানির পশুর হাট হিসেবে পরিচিত কক্সবাজারের ঈদগাঁও বাজার। আসন্ন ঈদুল আযহা উপলক্ষে এই হাটে পশুর টোল আদায়ে এবার এক ব্যতিক্রমী ও জনহিতকর উদ্যোগ গ্রহণ করেছে ঈদগাঁও উপজেলা প্রশাসন। প্রশাসনের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ ক্রেতা ও বিক্রেতারা।

​বিগত বছরগুলোতে পশুর হাটে টোল আদায়ের চিত্র ভিন্ন থাকলেও, এবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট টোল নির্ধারণ করে দেওয়া হয়েছে। ঈদগাঁও বাস স্টেশন সংলগ্ন পশুর হাটে টাঙানো নির্দেশিকা অনুযায়ী: গরু-মহিষ: প্রতি পশু বিক্রিতে টোল ১,০০০ টাকা। ছাগল: প্রতি পশু বিক্রিতে টোল ২৫০ টাকা। এই নির্ধারিত টোল শুধুমাত্র বিক্রেতা পরিশোধ করবেন। ক্রেতাকে কোনো প্রকার অতিরিক্ত হাসিল বা টোল দিতে হবে না।

​সাধারণত পশুর হাটে টোল নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে এক ধরণের টানাপোড়েন বা অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ থাকে। কিন্তু এবার টোলের পরিমাণ নির্দিষ্ট করে দেওয়ায় এবং ক্রেতাকে টোলমুক্ত রাখায় বাজারে স্বস্তি বিরাজ করছে। অনেক ক্রেতা জানান, প্রশাসনের এমন তদারকির কারণে তারা বাড়তি ঝামেলা ছাড়াই পশু কিনতে পারবেন।

​প্রতি বছরের মতো এবারও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও বাস স্টেশন এলাকায় বিশাল পরিসরে বসছে এই পশুর হাট। সপ্তাহের প্রতি শনিবার ও মঙ্গলবার এখানে হাট বসবে। ঈদগাঁও উপজেলার আওতাধীন পাঁচটি ইউনিয়নের খামারিরা তাদের পশু হাটে তোলার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন। কুরবানির আর মাত্র কয়েকদিন বাকি থাকায় হাটগুলো এখনই জমে উঠতে শুরু করেছে।

​”উপজেলা প্রশাসনের এই মহতী উদ্যোগের ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং ক্রেতারা হয়রানিমুক্ত পরিবেশে কোরবানির পশু সংগ্রহ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।”

Exit mobile version