পশুর হাটে জাল নোট শনাক্তে বসছে বিশেষ বুথ

আসন্ন কোরবানির ঈদ সামনে রেখে পশুর হাটে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এজন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিজ নিজ প্রতিষ্ঠানের একজন সমন্বয়কারী কর্মকর্তা নিয়োগ দিতে বলা হয়েছে। পাশাপাশি ওই কর্মকর্তার নাম, পদবি ও মোবাইল নম্বর আগামী ১৭ মে’র মধ্যে বাংলাদেশ ব্যাংকে ই-মেইলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১০ মে) জারি করা এ সংক্রান্ত এক সার্কুলারে রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কোন হাটে কোন ব্যাংক দায়িত্ব পালন করবে, তা নির্ধারণ করে দেওয়া হয়েছে। আর ঢাকার বাইরের পশুর হাটগুলোর দায়িত্ব সংশ্লিষ্ট বাংলাদেশ ব্যাংক অফিস ঠিক করবে।

নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের অনুমোদিত পশুর হাটগুলোতে ঈদের আগের রাত পর্যন্ত বিরতিহীনভাবে নোট যাচাই-সংক্রান্ত সেবা দিতে হবে। যেসব জেলায় বাংলাদেশ ব্যাংকের শাখা নেই, সেখানে বিভিন্ন ব্যাংকের মধ্যে দায়িত্ব বণ্টনের কাজ করবে সোনালী ব্যাংক।

এছাড়া, সুষ্ঠুভাবে লেনদেন পরিচালনার জন্য ব্যাংকগুলোকে সিটি করপোরেশন, জেলা প্রশাসন, পৌরসভা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আর কোনো জাল নোট শনাক্ত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও এতে উল্লেখ করা হয়েছে।

Exit mobile version