যশোরের নাভারন-সাতক্ষীরা মহাসড়কের ঝিকরগাছা উপজেলার গিলাপোল এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৭টার দিকে গিলাপোল কবির ব্রিক্সের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন—উলাশীর খালপাড় এলাকার সিদ্দিক হোসেনের ছেলে **শাহিন হোসেন (৩৫)ও একই গ্রামের আতিয়ার রহমানের ছেলে তুজাম্মেল হোসেন (৪৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে শাহিন ও তুজাম্মেল মোটরসাইকেলে করে পার্শ্ববর্তী নাভারন বাজারে কাঁচামরিচ (ঝাল) নিয়ে যাচ্ছিলেন। পথে গিলাপোল এলাকার কবির ব্রিক্সের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শাহিন হোসেনের মৃত্যু হয়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তুজাম্মেল হোসেনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।
নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) গোপাল চন্দ্র দাস** ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করেছে। ঘাতক কাভার্ড ভ্যানটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। এই দুর্ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে এবং এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
