পিরোজপুরে গবাদিপশুর ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; জরিমানা ও সতর্কবার্তা।

পিরোজপুর সদর উপজেলায় গবাদিপশুর ওষুধের দোকানে বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। আজ সোমবার (১১ মে) উপজেলার বিভিন্ন বাজারে পরিচালিত এই অভিযানে একটি দোকানকে জরিমানা করার পাশাপাশি অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, পিরোজপুর সদর উপজেলার গবাদিপশুর ঔষধ বিক্রয়কারী তিনটি দোকানে আকস্মিক এই তদারকি অভিযান চালানো হয়। অভিযান চলাকালে একটি দোকানে মেয়াদোত্তীর্ণ এবং ক্ষতিকর স্টেরয়েড জাতীয় ঔষধ মজুদ রাখার অপরাধ প্রমাণিত হওয়ায় উক্ত প্রতিষ্ঠানকে ২,০০০ (দুই হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত অন্যান্য ঔষধের দোকানের মালিক ও কর্মচারীদের সাথে কথা বলেন। এসময় গবাদিপশুর শরীরে স্টেরয়েড ব্যবহারের মারাত্মক নেতিবাচক প্রভাব এবং জনস্বাস্থ্যের ঝুঁকির বিষয়টি তুলে ধরা হয়। একইসাথে চিকিৎসকের পরামর্শ ছাড়া এবং অনুমোদনহীন স্টেরয়েড জাতীয় ঔষধ বিক্রি না করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, জনস্বার্থ রক্ষায় এবং গবাদিপশুর চিকিৎসায় ওষুধের অপব্যবহার রোধে এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Exit mobile version