ঢাকায় ইয়াবাসহ সহযোগী নিয়ে আটক উখিয়ার ডালিম

উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের পাগলির বিল এলাকার আলোচিত ইয়াবা কারবারি ইমরান চৌধুরী ডালিমকে সহযোগীসহ ঢাকায় ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো দক্ষিণ কার্যালয়ের সবুজবাগ সার্কেলের পরিচালিত বিশেষ অভিযানে তাদের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আটক ইমরান চৌধুরী ডালিম উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পাগলির বিল এলাকার বাসিন্দা। তিনি আবছার প্রকাশ টুক্করের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উখিয়ার মরিচ্যা উত্তর স্টেশনের ইকবাল টাওয়ারে ‘জোবাইদা ফার্মেসি’ নামে একটি ফার্মেসি পরিচালনা করতেন ডালিম। তবে ফার্মেসি ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে তিনি মাদক কারবারসহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর দাবি, প্রায় চার মাস আগে পাগলির বিল এলাকার ভাগুলার দোকান সংলগ্ন স্থান থেকে রবি কোম্পানির চাকরিজীবী রাজিবের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা ছিনিয়ে নেওয়ার ঘটনাতেও ডালিম ও তার ছোট ভাইয়ের সংশ্লিষ্টতা ছিল। ওই ঘটনার পর থেকেই তারা সংঘবদ্ধভাবে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল বলে অভিযোগ ওঠে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করে পরবর্তী কার্যক্রম শুরু করা হয়েছে।

Exit mobile version