মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত বাণিজ্যচুক্তিকে ‘অসম’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে যশোরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট। সোমবার বিকেল ৫টায় শহরের দড়াটানা ভৈরব চত্বরে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা আইনজীবী ভবনের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জোটের নেতা কমরেড ইঞ্জি. আবু হাসান। বক্তব্য রাখেন সিপিবি যশোর জেলা কমিটির সভাপতি মাহবুবুর রহমান মজনু, বাসদ জেলা কমিটির সদস্য সচিব হাচিনুর রহমান, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা তসলিম উর রহমান, প্রফেসর ইসরারুল হক, বাসদ নেতা অ্যাডভোকেট ইমরান খান এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন যশোর জেলা সংসদের সভাপতি রাশেদ খান। পুরো কর্মসূচিটি সঞ্চালনা করেন সিপিবি নেতা মুহিবুল্লাহ।
সমাবেশে বক্তারা বলেন, দেশের স্বার্থবিরোধী যেকোনো অসম ও সাম্রাজ্যবাদী চুক্তি দেশের সচেতন জনগণ কখনোই মেনে নেবে না। এই চুক্তি দেশের অর্থনৈতিক সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। বক্তারা অবিলম্বে মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের জোর দাবি জানিয়ে বলেন, জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক স্বাধীনতা রক্ষায় দেশের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে। অন্যথায় দেশের সম্পদ ও সার্বভৌমত্ব রক্ষা করা কঠিন হয়ে পড়বে।
