এবার কোরবানির অপেক্ষায় ‘ডোনাল্ড ট্রাম্প’

ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জে একটি ব্যতিক্রমী কোরবানির পশু ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা ও কৌতূহল। শহরের পাইকপাড়া এলাকায় রাবেয়া অ্যাগ্রো ফার্মে থাকা একটি বিশাল আকৃতির মহিষের নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।

খামারটির মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, প্রায় ৭০০ কেজির বেশি ওজনের এই মহিষটি এলভিনো জাতের। এর সাদা-গোলাপি আভাযুক্ত গায়ের রং এবং মাথার চুলের বিশেষ আকৃতির কারণে মজার ছলে এই নাম দেওয়া হয়েছে।

নামটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই খামারে দর্শনার্থীদের ভিড় বাড়ছে। অনেকেই মহিষটি দেখতে আসছেন এবং কৌতূহল প্রকাশ করছেন। ইতোমধ্যে একজন ক্রেতা এটি বুকিং দিয়ে রেখেছেন বলে জানা গেছে, ফলে আগ্রহী অনেকেই সেটি কেনার সুযোগ পাননি।

খামারের কর্মীরা জানান, মহিষটি স্বাভাবিকভাবে ঘাস, ভুট্টা ও ভূসি খেয়ে বড় হয়েছে এবং বিশেষ যত্নে লালন-পালন করা হয়েছে। ঈদকে ঘিরে এর মতো ব্যতিক্রমী নামের পশু এখন এলাকাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

Exit mobile version