যশোর সদর উপজেলার রূপদিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় সেলিনা আক্তার (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। একই ঘটনায় শাহরুখ (২৪) নামে এক যুবক গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১২ মে) বেলা আনুমানিক ১১টা ৫০ মিনিটের দিকে যশোর সদর উপজেলার চাউলিয়া গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিনা আক্তার যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা ও দেলোয়ার রহমানের স্ত্রী। আহত শাহরুখ একই ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামের ওলিয়ার মেড়লের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সেলিনা আক্তার ইঞ্জিনচালিত ভ্যানে করে বাড়ি থেকে রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি কিন্ডারগার্টেন স্কুলের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে চাউলিয়া গেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানে থাকা সেলিনা আক্তার ও মোটরসাইকেল আরোহী শাহরুখ গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বেলা আনুমানিক ১টা ৩০ মিনিটে মহিলা সার্জারি ওয়ার্ডে সেলিনা আক্তার মারা যান।
অপরদিকে আহত শাহরুখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করেন।
নিহত সেলিনা আক্তারের মরদেহ ময়নাতদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
