চকরিয়ায় বিএনপি নেতার বক্তব্যে তোলপাড়: ‘ইউএনও-ওসি কথা না শুনলে রাতে গাট্টি গোল

কক্সবাজারের চকরিয়া উপজেলায় থানার ওসি, ইউএনওসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাকে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বিরুদ্ধে। তার এক বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

রোববার (১০ মে) রাতে চকরিয়া উপজেলা বিএনপি আয়োজিত আজিজনগর চেয়ারম্যান লেকস্থ পিকনিক অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন এনামুল হক। বক্তব্যে তিনি প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে কঠোর ভাষায় হুঁশিয়ারি দেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ না হলে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন।
তিনি বলেন, “চকরিয়া থানা সবকিছু দেবে না, চকরিয়া থানা থেকে সবকিছু আমাদের আদায় করতে হবে। আমাদেরটা স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়েছি।”

বক্তব্যে তিনি আরও বলেন, “ও ওসি, তুই যদি আমার কথা না শুনিস, রাতে গাট্টি গোল করে রাখতে হবে।” একইসঙ্গে ইউএনও কার্যালয়ের কর্মকর্তাদের উদ্দেশেও একই ধরনের হুঁশিয়ারি দেন তিনি।
এনামুল হক আরও বলেন, “বড় বড় কর্মকর্তা, অফিসার-পিয়ন যারা আছে, তাদের আলটিমেটাম দেবেন। ১৫ দিনের মধ্যে কাজ না করলে মসজিদ থেকে খাটিয়া এনে শুইয়ে দেওয়া হবে। এরপর আমিরাবাদ না হয় কক্সবাজার পাঠিয়ে দেওয়া হবে।”

তবে বক্তব্যের একপর্যায়ে তিনি অবৈধভাবে মাছের ঘেরে না যাওয়ার জন্য নেতাকর্মীদের সতর্ক করেন এবং বৈধভাবে সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মোবারক আলী, সাবেক সাধারণ সম্পাদক ফখরুদ্দীন ফরায়েজি, পৌরসভা বিএনপির সহ-সভাপতি গিয়াস উদ্দিন, নুরুল আমিন কাউন্সিলর, বিএনপি নেতা সাজ্জাদ হোসেন ও আবুল হাসেমসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।

অভিযোগের বিষয়ে এনামুল হক বলেন, “আমাদের এলাকা হোম মিনিস্টারের এলাকা। জনগণই তাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়েছেন। কোনো বৈধ কাজ যদি প্রশাসন না করে, সেই প্রেক্ষাপটেই এ কথা বলেছি।”

Exit mobile version