নোহা বক্সিতে ২৮ হাজার ইয়াবাসহ কক্সবাজারের জসিম-সাইফুল আটক

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বন্দর বিভাগের বিশেষ টিমের অভিযানে নোহা বক্সি মাইক্রোবাসসহ ২৮ হাজার ইয়াবা উদ্ধার এবং ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১১ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী-এর নেতৃত্বে কর্ণফুলী থানার শিকলবাহা কলেজ বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় আরিফ উল্লাহ শপিং কমপ্লেক্সের বিপরীতে মেসার্স শোভা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন কক্সবাজার পৌরসভার মহাজের পাড়ার মৃত নুরুল হকের ছেলে মো. জসিম উদ্দীন (৪৮), উখিয়ার রাজাপালং এলাকার আব্দুর রহিম ওরফে টিপু (৩৪), মহাজের পাড়ার মো. সাইফুল ইসলাম (৩২) এবং রামুর খুনিয়া পালং এলাকার গাড়িচালক মোহামুদুল হক (৪৪)।

অভিযানকালে তাদের কাছ থেকে ২৮ হাজার পিস ইয়াবা এবং ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি সাদা রঙের পুরাতন নোহা বক্সি মাইক্রোবাস জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত জসিম উদ্দীনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫টি মামলা রয়েছে। এছাড়া আব্দুর রহিম ওরফে টিপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১টিসহ মোট ২টি মামলা রয়েছে।

Exit mobile version