স্ত্রীর করা যৌতুক দাবির মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহি। পরে শুনানি শেষে তাকে জামিন দিয়েছেন আদালত।
বুধবার (১৩ মে) ঢাকার মহানগর হাকিম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তিনি। এর আগে নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।
শুনানি শেষে আদালত তানভীর রাহিকে ৫০০ টাকার জামিন বন্ডে মুক্তি দেন। রাষ্ট্রপক্ষ জানায়, মামলার পরবর্তী তারিখ ৯ জুন পর্যন্ত উভয় পক্ষকে বিষয়টি মীমাংসার সুযোগ দেওয়া হয়েছে। তানভীর রাহির আইনজীবী আদালতে দাবি করেন, এটি মূলত স্বামী-স্ত্রীর পারিবারিক ভুল বোঝাবুঝির ঘটনা। বর্তমানে দুই পক্ষ সমঝোতার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করছেন বলেও জানান তিনি।
মামলার নথি অনুযায়ী, গত ৮ মার্চ তানভীর রাহির স্ত্রী ফাহিমা বিনতে মাহবুব পুষ্পিতা তার বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, বিয়ের পর থেকেই তানভীর তার কাছে ৫০ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন এবং এ নিয়ে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন।
অভিযোগে আরও বলা হয়, গত ২২ ফেব্রুয়ারি টাকা দাবিকে কেন্দ্র করে পুষ্পিতাকে মারধর করা হয়। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন এবং ২৭ ফেব্রুয়ারি লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১ মার্চ রাতে লালবাগ হোস্টেলের সামনে দেখা করতে ডেকে আবারও ৫০ লাখ টাকা দাবি করেন তানভীর রাহি। টাকা না দিলে তাকে ডিভোর্স দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
