দক্ষিণ লেবাননে বিমান হামলা বাড়ছে, এলাকা জনশূন্যের আশঙ্কা

দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় চলমান সংঘাতে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। টানা ইসরাইলি বিমান হামলায় একের পর এক ঘরবাড়ি ধ্বংস হচ্ছে। বহু মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এলাকার বিভিন্ন স্থানে ধ্বংসযজ্ঞের স্পষ্ট চিত্র দেখা যাচ্ছে। প্রতিদিন নতুন নতুন হামলার কারণে পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রতিটি বিমান হামলার পর বাড়ি ধসে পড়ার সংখ্যা বাড়ছে এবং মানুষ সবকিছু হারিয়ে ফেলছেন।

দক্ষিণ লেবাননের অনেক মানুষের অভিযোগ, এই হামলার পেছনে বড় ধরনের কোনো পরিকল্পনা রয়েছে। তাদের বিশ্বাস, এই অঞ্চলকে ধীরে ধীরে জনশূন্য করে ফেলার চেষ্টা চলছে। স্থানীয়দের মতে, এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে যাতে ভবিষ্যতে এখানে আর সাধারণ মানুষ বসবাস করতে না পারেন। বর্তমানে টাইর শহরে বিপুল সংখ্যক মানুষ আশ্রয় নিতে আসছেন।

কারণ রাজধানী বৈরুতে আর নতুন করে আশ্রয়ের জায়গা নেই। সেখানে আশ্রয়কেন্দ্রগুলো ইতোমধ্যে পূর্ণ হয়ে গেছে। ফলে দক্ষিণাঞ্চল থেকে পালিয়ে আসা অনেক পরিবার টাইরেই অবস্থান নেওয়ার চেষ্টা করছে। এই সংঘাত এখন চতুর্থ মাসে প্রবেশ করতে চলেছে। তবে পরিস্থিতি শান্ত হওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না।

বরং সময়ের সঙ্গে সঙ্গে হামলার পরিধি ও তীব্রতা আরো বাড়ছে। এলাকার অনেক মানুষের কাছে যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণাও এখন বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। তাদের দাবি, এপ্রিলের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্র প্রথম যুদ্ধবিরতি বাড়ানোর কথা বললেও বাস্তবে এই হামলা কখনোই থামেনি। তাদের মতে, যুদ্ধবিরতি শুধু কাগজে-কলমে রয়েছে, কিন্তু বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন।

এমন এক সময় এই সংঘাত চলছে, যখন কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো লেবানন ও ইসরায়েলের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রে একই কক্ষে বৈঠকে বসেছেন। তবে কূটনৈতিক আলোচনা চললেও বাস্তব পরিস্থিতিতে এখনো তার কোনো ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে না।

Exit mobile version