প্রতিবাদে ফুঁসে উঠেছে মানুষ: দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি

যশোরে নৃশংসভাবে খুন হওয়া শিশু রামিসা হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে যশোর। আজ বৃহস্পতিবার (২১ মে) দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, মানবাধিকার এবং ছাত্র সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ এই কর্মসূচিতে অংশ নেন।

সমাবেশে অংশ নেওয়া বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, অবুঝ শিশু রামিসা হত্যাকাণ্ড পুরো সমাজের বিবেককে নাড়া দিয়েছে। এই নির্মমতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার সঙ্গে জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার করায় আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানালেও বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, শুধু গ্রেপ্তারই শেষ কথা নয়; দ্রুততম সময়ের মধ্যে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ভবিষ্যতে যাতে আর কোনো মায়ের বুক এভাবে খালি না হয় এবং এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য প্রশাসন ও সংশ্লিষ্টদের আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে শিশুদের জন্য একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে অংশগ্রহণকারীরা রামিসা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। এ সময় তাদের হাতে অপরাধীদের ফাঁসির দাবি সংবলিত বিভিন্ন ফেস্টুন ও ব্যানার দেখা যায়। সমাবেশ থেকে অবিলম্বে বিচার প্রক্রিয়া শুরু না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।

Exit mobile version