ভূমি সেবা মেলায় মাদারীপুরে ৫ কোটি টাকার বেশি ক্ষতিপূরণের চেক বিতরণ

মাদারীপুরে ভূমি সেবা মেলা-২০২৬ উপলক্ষে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি এবং পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় অধিগ্রহণকৃত জমির মালিকদের হাতে এই চেক তুলে দেওয়া হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে মোট ২০ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তির মাঝে ৫ কোটি ৮ লাখ ৫১ হাজার ৩৫৭ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব ড. মোহাম্মদ আশরাফুল আলম। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ মর্জিনা আক্তার।

এ সময় বক্তারা বলেন, ভূমি অধিগ্রহণ কার্যক্রমে স্বচ্ছতা ও দ্রুত সেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। ক্ষতিগ্রস্তদের ন্যায্য ক্ষতিপূরণ দ্রুত পৌঁছে দিতে জেলা প্রশাসন আন্তরিকভাবে দায়িত্ব পালন করছে বলেও তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, ভূমি অফিসের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Exit mobile version