বগুড়ার ধুনটে মানবাধিকার কর্মী আশিষ কুমার সাহার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। আয়োজকদের অভিযোগ,তার কর্মকাণ্ড ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সামাজিক শান্তি শৃঙ্খলা বিনষ্ট করছে।
রোববার (২৪শে মে)বেলা ১১টায় ধুনট পৌর মহাশ্মশান কমিটির আয়োজনে ধুনট কেন্দ্রীয় বারোয়ারী দুর্গা মন্দিরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে স্থানীয় তিন শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশগ্রহণ করেন।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মানবাধিকার কর্মী আশিষ কুমার সাহা বিভিন্ন ভাবে ধর্মীয় ও সাম্প্রদায়িক ঐক্য নষ্ট করার অপচেষ্টা করছেন।
পাশাপাশি তার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র ও মিথ্যাচারের অভিযোগও তুলে ধরা হয়।মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ধুনট পৌর মহাশ্মশান কমিটির সভাপতি বানেশ্বর হাওয়ালদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ধুনট উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিনয় কুমার সরকার,সাধারণ সম্পাদক স্বপন কুমার সরকার,ধুনট উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোবিন্দ কুমার ঘোষ,ধুনট কেন্দ্রীয় রাধা গোবিন্দ মন্দিরের সভাপতি পলান চন্দ্র দাস, সাধারণ সম্পাদক বিমল চন্দ্র সাহা,ধুনট কেন্দ্রীয় বারোয়ারী দুর্গা মন্দির কমিটির সভাপতি তপু সাহা এবং সাধারণ সম্পাদক লিখন চন্দ্র সাহা।বক্তারা অভিযুক্ত ব্যক্তিকে “ষড়যন্ত্রকারী” উল্লেখ করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান।তবে এ বিষয়ে মানবাধিকার কর্মী আশিষ কুমার সাহার বক্তব্য জানা সম্ভব হয়নি।
