কক্সবাজার-টেকনাফ সড়কে যাত্রীবাহী সিএনজিতে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় এক চালককে আটক করেছে বিজিবি।
রোববার (৭ জুন) দুপুরে কক্সবাজার-টেকনাফ সড়কের রেজুখাল চেকপোস্টে তল্লাশির সময় সিএনজির বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় সিএনজি চালক সৈয়দ হোসেন (৩৫) কে আটক করা হয়। তিনি উখিয়ার জালিয়াপালং এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) জানায়, আটক চালকের সিএনজিতে তল্লাশি চালিয়ে গোপন চেম্বারে লুকিয়ে রাখা ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি ও একটি বাটন ফোন জব্দ করা হয়েছে।
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ব্যক্তিকে আইনগত প্রক্রিয়া শেষে থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
মাদক পাচারের এ ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
