লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের রাজপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ কয়েকজন শিক্ষককে তালাবদ্ধ করে রাখে শিক্ষার্থীরা।তাদের অভিভাবক ডেকে অপমান করায় এমন ঘটনা ঘটিয়েছে।
সোমবার (২৩ জুন) সকালে বিদ্যালয়ের ক্লাস চলাকালীন সময়ে শিক্ষার্থীরা এ ঘটনা ঘটায়।
শিক্ষার্থীদের অভিযোগ, সম্প্রতি বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের অভিভাবকদের ডেকে এনে অপমান করা হয়েছে। তারা অভিযোগ করে, শিক্ষকদের সঙ্গে কথা বলতে গেলে এবং অভিভাবকদের উপস্থিতির সময় বিদ্যালয়ের পরিবেশ নিয়ে নানা অসন্তোষ তৈরি হয়। এছাড়া বিদ্যালয়ে ভর্তি ফি আদায়, দীর্ঘদিন ধরে ওয়াশরুম পরিষ্কার না করা, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে অবহেলাসহ আরও কিছু অভিযোগ তুলে তারা ক্ষোভ প্রকাশ করে।
শিক্ষার্থীরা জানায়, এসব বিষয়ে বারবার অভিযোগ করেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে ওঠে। পরে সোমবার সকালে বিদ্যালয়ের ভেতরেই আন্দোলনের অংশ হিসেবে প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের একটি কক্ষে আটকে বাইরে থেকে তালা লাগিয়ে দেয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে লালমনিরহাট সদর উপজেলা ইউএনও মনোনিতা দাস,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ঘটনাস্থলে উপস্থিত হন। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সকল দাবী মেনে নেয়ার আশ্বাসের পর শিক্ষকদের তালামুক্ত করা হয় এবং বিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক হয়।
