বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

বাংলাদেশের ও ভারতের মধ্যে ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার পর সব ধরনের সম্পর্ক স্বাভাবিক হওয়ার আশা প্রকাশ করেছেন দেশটির পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রী ও বিজেপি নেতা দিলীপ ঘোষ।

তার মতে, বাংলাদেশকে তারা নিজেদের অঙ্গ (বন্ধু) মনে করলেও শত্রু ব্যবহার করে। পশ্চিমবঙ্গের এ মন্ত্রীর দাবি, সম্পর্কে অবনতি হওয়ায় ক্ষতি হয়েছে, সেটি বাংলাদেশ বুঝতে পেরেছে।

সম্প্রতি স্থানীয় সংবাদমাধ্যমের সঙ্গে বাংলাদেশের ট্যুরিস্ট ভিসা চালু হওয়া প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

দিলীপ ঘোষ বলেন, ‘ভিসা তো আমরা চিরদিনই দিতাম। আমরা তো বাংলাদেশকে আমাদেরই অঙ্গ মনে করি। কিন্তু তারাই শত্রু ব্যবহার করে। তাহলে আমাদেরও কড়াকড়ি হতে হয়।’

বাংলাদেশের চিকিৎসা ও ব্যবসা খাত নাজুক বলে মনে করেন বিজেপির এ নেতা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ওখানে চিকিৎসা ব্যবস্থা খুব খারাপ। বহু রোগী কলকাতা আসেন, দিল্লিতে যান ভালো চিকিৎসার জন্য। ওখানে ব্যবসার অবস্থা খারাপ, চাকরির অবস্থা খারাপ।’

প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, ‘আমরা চাই পশ্চিমবঙ্গের সঙ্গে ব্যবসা বাড়ুক; আমাদেরও লাভ, ওদেরও লাভ। ওদের কলকারখানা নাই, আমাদের ব্যবসায়ীরা ওখানে সব পৌঁছে দেন।’

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এ মন্ত্রী বলেন, ‘চাল, ডাল, তেল, নুন, কাপড় থেকে আরম্ভ করে ফল-সার সবই যায়। কোটি কোটি টাকা ওখানে ফেঁসে আছে। ব্যবসা চালু হোক, তাদেরও লাভ হবে।’

আশা প্রকাশ করে দিলীপ ঘোষ বলেন, ‘ভিসা চালু হোক, সব স্বাভাবিক হোক এটা আমরা চাই। বাংলাদেশ বুঝতে পেরেছে ক্ষতিটা ওদেরই হয়েছে।’

Exit mobile version