ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছেন সাদিক কায়েম: রাশেদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ—ডাকসুর ভিপি সাদিক কায়েমকে নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। বিএনপি নেতা ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেছেন, জামায়াতে যোগ দেওয়ার মাধ্যমে ভিপি পদে থাকার নৈতিক ভিত্তি হারিয়েছেন সাদিক কায়েম।
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাশেদ খান বলেন, জুলাই আন্দোলনের সময় ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সাদিক কায়েমের সাম্প্রতিক রাজনৈতিক সিদ্ধান্ত সেই অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক।
তার অভিযোগ, জাতীয় নির্বাচনের সময় ডাকসুর বর্তমান ভিপিসহ কয়েকজন নেতা নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের পক্ষে সক্রিয় ছিলেন। এরপর সাদিক কায়েম ছাত্রশিবির ছেড়ে জামায়াতে যোগ দিয়েছেন এবং দলটির পক্ষ থেকে দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হয়েছেন।
রাশেদ খানের ভাষ্য, ছাত্রনেতা হিসেবে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে এসে সাদিক কায়েম শিক্ষার্থীদের সঙ্গে করা অঙ্গীকার ভঙ্গ করেছেন। তাই ডাকসুর ভিপি পদে থাকার নৈতিক অধিকার তিনি হারিয়েছেন।
ফেসবুক পোস্টে তিনি সাদিক কায়েমের কাছে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়া এবং দ্রুত ভিপি পদ থেকে পদত্যাগের আহ্বানও জানান।
তবে রাশেদ খানের এই বক্তব্যের বিষয়ে সাদিক কায়েম বা সংশ্লিষ্ট পক্ষের কোনো প্রতিক্রিয়া এখন পর্যন্ত পাওয়া যায়নি।





