নাসীরুদ্দীন পাটওয়ারীর ‘চিকিৎসা দরকার’ বললেন প্রিন্স মাহমুদ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সাম্প্রতিক মন্তব্যের জের ধরে তার কড়া সমালোচনা করেছেন খ্যাতিমান গীতিকবি, সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি দাবি করেছেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর ‘চিকিৎসা দরকার’।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই স্ট্যাটাসে প্রিন্স মাহমুদ লেখেন, ‘মির্জা ফখরুল কী যোগ্যতা রাখেন বা না রাখেন, নাসিরুদ্দীন পাটোয়ারীর মতো একটা ‘লম্বকর্ণ চতুষ্পদ বিশেষের’ কাছ থেকে শুনতে হবে না। মস্তিষ্কে অক্সিজেনের স্বল্পতার কারণে প্রায়শ বিভ্রান্ত হয়ে আজেবাজে বকা, অস্বাভাবিক আচরণ করা এই ছেলের অভ্যাসে পরিণত হয়েছে; প্রতিটি বক্তব্যই শুরু হয় ব্যক্তি আক্রমণ দিয়ে। ভুলে যায়, রাজনীতিতে শিষ্টাচার থাকা কতটা জরুরি। কেউই অহংকারী আর বেয়াদব পছন্দ করে না। সত্যিকার অর্থে না চাইতেই প্রচুর প্রাপ্তিযোগ এই ছেলের মস্তিষ্কের ওপর অতিরিক্ত চাপ তৈরি করেছে। নিজেকে সামলাতে পারছে না। শারীরিক অবস্থা জরুরি চিকিৎসাকেন্দ্রিক পর্যায়ে আছে। চিকিৎসা দরকার।’

প্রিন্স মাহমুদের এই স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা।

সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কয়েকজন নেতাকে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিভিন্ন মন্তব্য রাজনৈতিক অঙ্গনে চরম বিতর্কের জন্ম দেয়। এর পরপরই প্রিন্স মাহমুদের এই প্রতিক্রিয়া সামনে আসে।

তবে এ বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বা সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে প্রিন্স মাহমুদের স্ট্যাটাসের কোনো সরাসরি প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

Exit mobile version