গাছ রোপণের এক ঘণ্টার মধ্যেই চারা উপড়ে ফেলার অভিযোগ, ক্ষুব্ধ স্থানীয়রা

গাছ রোপণের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার প্রায় এক ঘণ্টার মধ্যেই পরিবেশবান্ধব চারা উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের দক্ষিণ হাড়ীভাঙ্গা এলাকায়।

জানা গেছে, দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে প্রতি ওয়ার্ডে দুই হাজার করে চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার (১৬ আগস্ট) সকালে মহেন্দ্রনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে বিমান বাহিনীর রানওয়ের দক্ষিণ পাশে বাইপাস সড়কে গাছ লাগানো হয়।

চারা রোপণের আনুষ্ঠানিকতা শেষ করেন মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মজিদ মন্ডল, ইউপি সদস্য মমতাজ ও ইউনিয়নের ভাইস চেয়ারম্যানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। পরে তারা পুরো সড়ক পরিদর্শন করে ঘটনাস্থল ত্যাগ করার সময় বিমান বাহিনীর দুজন কর্মকর্তা এসে তাদের জানান, বিষয়টি নিয়ে ওসি তাদের ডাকছেন।

স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ, চেয়ারম্যানকে ডেকে নিয়ে পরবর্তীতে রোপণ করা চারাগুলো উপড়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। এরপর চারা উপড়ে ফেলেন দুজন শ্রমিক। গাছ লাগানোর মাত্র এক ঘণ্টার মধ্যে এভাবে চারা উপড়ে ফেলার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের দাবি, এর আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে সড়ক পাকাকরণের অনুমতি দেওয়া হলেও বর্তমানে দায়িত্বে থাকা কর্মকর্তার পক্ষ থেকে গাছের চারা রোপণে বাধা দেওয়া হচ্ছে। তাদের অভিযোগ, পরিবেশের ভারসাম্য রক্ষায় নেওয়া এমন উদ্যোগে বাধা দেওয়া কোনোভাবেই কাম্য নয়।

এ ঘটনায় স্থানীয়রা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও রোপণ করা গাছগুলো রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি এ ঘটনার প্রতিবাদে কর্মসূচি দেওয়ার কথাও জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান জানান আব্দুল মজিদ জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় গাছ লাগানোর কর্মসুচি বাস্তবায়নে গাছ লাগানো হয়। পরে বিমান বাহিনীর পক্ষ থেকে আপত্তি আসলে সেগুলো সড়ানো হয়েছে ভিন্ন রাস্তায় লাগানো হবে।

তবে চারা উপড়ে ফেলার কারণ এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বললে তারা জানান, এটা আমাদের নিজস্ব জমি,এছাড়া এসব যায়গাতে গাছ লাগাতে গেলে অনুমতি নিতে হয় যেটা করা হয়নি। আমাদের জায়গাতে উচু গাছ লাগানোর কোন অনুমতি নেই।এছাড়া আমাদের কতৃপক্ষ রয়েছে প্রয়োজনে তাদের সাথে যোগাযোগ করেন।

Exit mobile version