রাতের আঁধারে সাবেক ছাত্রদল নেতার নেতৃত্বে রিসোর্ট দখল

কক্সবাজারে সাবেক ছাত্রদল নেতা অ্যাডভোকেট আল আমিনের বিরুদ্ধে রাতের আঁধারে আবাসিক রিসোর্ট দখলের অভিযোগ উঠেছে। এ অভিযোগে ঘটনাস্থল থেকে মাহফুজ শাকিল (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জেলার উখিয়া উপজেলার রত্নাপালং এলাকার শামশুদ্দিনের ছেলে।

শহরে জমি দখল নিয়ে সংবাদ প্রকাশের পর ফেসবুকে সাংবাদিকদের নিয়ে কটূক্তি করে স্ট্যাটাস দেওয়ার এক দিনের মধ্যেই এ অভিযোগ ওঠে। এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় পাঁচজনের নামে মামলা করা হয়েছে বলেও জানা গেছে।

মামলায় আল আমিনকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় কক্সবাজার জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য বদরুল হাসান মিল্কীকেও আসামি করা হয়েছে।

সোমবার দিবাগত রাত ৩টার দিকে কক্সবাজার শহরের লাইট হাউস এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রিসোর্ট মালিকের স্ত্রী ইসরাত জাহান চৌধুরী বাদী হয়ে মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, সাবেক ছাত্রদল নেতা আল আমিনের নেতৃত্বে ১০ থেকে ১২ জন অজ্ঞাত ব্যক্তি গভীর রাতে ‘নকশী রিসোর্ট’ নামের আবাসিক হোটেলটি দখল করে নেন।

বাদী দাবি করেন, ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে আসামিরা প্রথমে তার মালিকানাধীন মিল্কী রিসোর্টের চারটি ফ্ল্যাট ও নিচতলার ৮০০ বর্গফুটের একটি দোকান দখলে নেন। পরে রাত ৩টার দিকে ১০ থেকে ১২ জন এসে লাইট হাউস এলাকায় তার মালিকানাধীন ‘নকশী’ নামের আরেকটি রিসোর্টও দখল করে নেন।

পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় মাহফুজ শাকিলকে গ্রেপ্তার করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, রিসোর্ট মালিক থানায় কোনো অভিযোগ জানাননি। পরে ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। গ্রেপ্তার মাহফুজ শাকিল মামলার ২ নম্বর আসামি।

এদিকে নকশী রিসোর্টের মালিক আব্দুর রশিদ চৌধুরী জানান, জামায়াত নেতা মাওলানা আলমগীরের ছেলে আল আমিনকে তিনি মিল্কী রিসোর্টের চারটি ফ্ল্যাট ও একটি দোকান ভাড়া দিয়েছিলেন। কিন্তু আল আমিন ভাড়া পরিশোধ না করে ফ্ল্যাট ও দোকান দখল করে রেখেছেন বলে অভিযোগ তার।

বাংলা ম্যাগাজিনএআর

Exit mobile version