পারমাণবিক হামলা হলে যুক্তরাষ্ট্রকে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

এবার যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে তেহরানও পাল্টা জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের এক আইনপ্রণেতা।
ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য ফাদা হোসেইন মালেকি বুধবার ইরানি সংবাদমাধ্যম খবর অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। তবে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে-এমন কোনো দাবি তিনি করেননি।
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক হামলার বিষয়ে জানতে চাইলে মালেকি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো ‘অবিবেচনাপ্রসূত’ পদক্ষেপের সম্ভাবনা তিনি উড়িয়ে দিচ্ছেন না। তবে এমন পদক্ষেপ নেওয়ার সাহস ট্রাম্প দেখাবেন বলে তিনি মনে করেন না। কারণ, এর ফলে বিশ্ব একটি বিপজ্জনক যুদ্ধে জড়িয়ে পড়তে পারে।
মালেকি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে এমন কোনো হামলা চালায়, তাহলে ইসলামী প্রজাতন্ত্র ইরান অবশ্যই জবাব দেবে। তার ভাষ্য অনুযায়ী, প্রতিক্রিয়া হবে ইরানের বিরুদ্ধে ব্যবহৃত অস্ত্রের ধরনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে ইরানও পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যে অস্ত্রই ব্যবহার করুক না কেন, ইরান তার জবাব দেবে। তবে তিনি স্পষ্ট করে বলেননি, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে কি না।ওয়াশিংটনকে আরও সামরিক পদক্ষেপের বিষয়ে সতর্ক করে মালেকি বলেন, ইরানের হাতে এখনো ‘একাধিক বিকল্প’ রয়েছে। যুক্তরাষ্ট্রের যেকোনো পদক্ষেপের জবাব ‘সমপর্যায়ের বা তার চেয়েও বেশি’ হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
ইরানের সামরিক সক্ষমতা নিয়ে তিনি দাবি করেন, তেহরানের হাতে থাকা অনেক অস্ত্র ও সামরিক সক্ষমতা এখনো প্রকাশ্যে আসেনি। তার মতে, ইরান এখন আর কেবল প্রতিরক্ষামূলক অবস্থানে নেই; বরং “সক্রিয় ও আক্রমণাত্মক প্রতিরোধের” সক্ষমতা অর্জন করেছে।
সূত্র আনাদুলু





