ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের ২ জন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাসিন্দা। বুধবার (১৯ আগষ্ট) রাত ১০টার দিকে এলাকায় খবর পৌঁছানোর পর ঘটনাটি নিশ্চিত করেছেন তার পরিবারের সদস্যরা।
নিহত আলিমুজ্জামান সাজু (৪৫) কালিগঞ্জের তারালী ইউনিয়নের বরেয়া গ্রামের মৃত. ইউনুচ সরদারের ছেলে। তিনি পেশায় একজন ঘের ব্যবসায়ী। এবং অপরজন একই উপজেলার বাসিন্দা রেবতী সরকার। তবে তার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
নিহতের নিকটাত্নীয় মোখলেছুর রহমান পল্টু জানান, কোমরে ব্যাথার জন্য চিকিৎসক দেখাতে ৫-৬ দিন আগে সাজু ভারতে যায়। বুধবার বাড়িতে ফিরে আসার কথা ছিল। কিন্তু রাত ১০টার দিকে বাড়িতে খবর আসে হোটেলে অগ্নিকাণ্ডে সে নিহত হয়েছেন।
প্রতিবেশী হাফিজুর রহমান হাফিজ জানান, ৭-৮ বছর আগে হজ্ব করে এসে জানায় বিয়ে করবে না। সেভাবেই চলছিলেন। এলাকার সৎ জন ব্যক্তি হিসেবে পরিচিত। এক বছর আগে তার মা মারা গেছেন। বাবাও বেঁচে নেই। বাড়ির অন্য স্বজনরা সকলেই কান্নাকাটি করছেন। চার ভাইয়ের মধ্যে সাজু সবার ছোট। মেঝো ভাই রাজু সরদারও মারা গেছেন। বর্তমানে বড় ভাই সাহেব সরদার ও সেঝো ভাই উজ্জ্বল সরদার জীবিত আছেন।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখা থেকে জানানো হয়, ঘটনাটি জানার পর বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।
উল্লেখ্য যে, মঙ্গলবার রাত ২টার দিকে হোটেলটিতে অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় নিহতদের মধ্যে ৭ জনের মৃত্যু হয়। পরে আরো ২ বাংলাদেশীর মৃত্যুর খবর পাওয়া যায়। সবমিলে ৯ জন নিহতের ঘটনা ঘটেছে। তবে হোটেলটিতে ২৫ জন বাংলাদেশি ছিলেন বলে জানা গেছে। নিহত বাংলাদেশিদের মধ্যে একই পরিবারের চার জন রয়েছেন কুষ্টিয়ার।
