ফখরুলকে এনসিপির অভিনন্দন, রাষ্ট্রপতি নির্বাচনে জুলাই সনদ উপেক্ষায় ‘প্রতারণা’ দেখছে এনসিপি

বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে এই অভিনন্দন জানানো হয়।

নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেও জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন না করাকে বিএনপির প্রতারণা হিসেবে দেখছে দলটি। জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও বিএনপি তা রক্ষা করছে না বলে অভিযোগ এনেছে এনসিপি।

দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি রাজনৈতিক পর্ষদের সদস্য ও মিডিয়া উপকমিটির প্রধান সারোয়ার তুষার বৃহস্পতিবার সন্ধ্যায় বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে জুলাই সনদ উপেক্ষা করা হয়েছে। এটা প্রতারণা।

এর আগে, বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপতি নির্বাচনের আগে জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, বিএনপি সরকার প্রশাসনের সব জায়গায় দলীয়করণ করছে। এখন রাষ্ট্রপতি নির্বাচনেও এক প্রকার দলীয়করণের মাধ্যমেই দলীয় প্রার্থী দিয়ে প্রধানমন্ত্রী নিজেই রাষ্ট্রপতিকে নির্বাচিত করছেন। যেখানে স্বাধীনভাবে ভোট দেওয়ার কোনো সুযোগ নেই।

নাহিদ ইসলামের অভিযোগ, বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করলে রাষ্ট্রপতি নির্বাচন গোপন ব্যালটে হওয়ার কথা ছিল। কিন্তু তা করা হয়নি। ফলে বিএনপি মুখে এক কথা বলেছে, কাজে আরেকটি করেছে।

Exit mobile version