প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রথম দফার রদবদলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্ত হয়েছেন নতুন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সে হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুই প্রতিমন্ত্রী।
নতুন দায়িত্ব বণ্টনের পরও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শামা ওবায়েদ ইসলাম বহাল থাকছেন।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন হুমায়ুন কবির। একই অনুষ্ঠানে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছেন, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করা হয়েছে। শুক্রবার রাতেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এর মধ্য দিয়ে হুমায়ুন কবিরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার বিষয়টিও আনুষ্ঠানিকতা পায়।
মন্ত্রিসভায় যোগ দেওয়ার আগে হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় পররাষ্ট্রনীতি ও বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে সরকারের হয়ে কাজ করেছেন তিনি। এসব অভিজ্ঞতার কারণেই তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
শুক্রবার মন্ত্রিসভার প্রথম বড় রদবদলে চার পূর্ণমন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী শপথ নেন।
