বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আজ শনিবার সকাল ৯টায় নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ওয়ার্ড সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বললেন, জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে দাম নিয়ে আসতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতের প্রতিটি কর্মীকে সমাজকর্মীর ভূমিকা পালন করতে হবে। মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়ে তাদের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে হবে। জনগণের কল্যাণে কাজ করার মধ্য দিয়ে সংগঠনের প্রতি মানুষের আস্থা আরও বাড়াতে হবে।
তিনি বলেছেন, আগামী স্থানীয় নির্বাচনে সকল স্তরে প্রার্থী দিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করার মাধ্যমে বিজয় নিশ্চিত করতে হবে।
একই সঙ্গে দলের সকল স্তরের জনশক্তির মধ্যে তাকওয়ার মান নিশ্চিত করে খোদাভীরু নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
