গান-বাজনা ছেড়ে মাদকমুক্তির বার্তা, ব্রাহ্মণবাড়িয়ার যুবকদের ব্যতিক্রমী নৌকা ভ্রমণ

নৌকা ভ্রমণ মানেই গান-বাজনা, হৈ-হুল্লোড় কিংবা আনন্দ-উচ্ছ্বাস—প্রচলিত এই ধারণা থেকে বেরিয়ে মাদকবিরোধী সামাজিক সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে ব্যতিক্রমী নৌকা ভ্রমণের আয়োজন করেছে ব্রাহ্মণবাড়িয়ার পাইকপাড়ার যুবসমাজ।

“যুব সমাজের অঙ্গীকার, মাদকমুক্ত দেশ আমাদের অধিকার”—এই স্লোগানকে সামনে রেখে শনিবার (২২ আগস্ট) সকালে তিতাস নদী থেকে নৌযাত্রা শুরু করেন স্থানীয় যুবসমাজের সদস্যরা। নদীপথে তাদের গন্তব্য ছিল নাসিরনগরের ঐতিহাসিক হরিপুর জমিদারবাড়ি।

আয়োজকরা জানান, নৌকা ভ্রমণকে কেন্দ্র করে প্রচলিত গান-বাজনা ও হইচইয়ের পরিবর্তে তরুণদের মধ্যে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং সামাজিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। একই সঙ্গে সুস্থ বিনোদনের চর্চায় তরুণদের উৎসাহিত করাও ছিল আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

নৌকা ভ্রমণে অংশগ্রহণকারীদের জন্য বিনামূল্যে খাবার, টি-শার্ট ও ক্যাপের ব্যবস্থা করা হয়। আয়োজনটির সার্বিক সহযোগিতায় রয়েছেন মো. হেলিম মিয়া।

আয়োজকরা বলেন, তরুণদের আনন্দ-বিনোদনের পাশাপাশি তাদের মধ্যে সামাজিক ও নৈতিক দায়িত্ববোধ তৈরি করা জরুরি। একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজনের স্পন্সর নূরী-ইন এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল খাঁন বলেন, “যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে শুধু বক্তব্য, সভা বা সেমিনামের মধ্যেই সচেতনতা সীমাবদ্ধ রাখতে হবে—এমন নয়। আনন্দের মধ্য দিয়েও সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া সম্ভব। তাই নৌকা ভ্রমণকে আমরা সামাজিক সচেতনতা তৈরির একটি মাধ্যম হিসেবে নিয়েছি।”

Exit mobile version