সালথায় আ.লীগ নেতা গ্রেপ্তারের জেরে বিএনপি নেতার ওপর হামলা, ভাঙল দাঁত

ফরিদপুরের সালথায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করায় মো. শাহ আলম (৫৫) নামে এক বিএনপি নেতার ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। হামলায় ওই বিএনপি নেতার একটি দাঁত ভেঙে পড়ে গেছে বলে জানা গেছে।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে।

আহত শাহ আলম উপজেলার মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

বিএনপি নেতা শাহ আলম অভিযোগ করে বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের গাড়ি ভাঙচুরের মামলায় গত বুধবার মাঝারদিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ফরিদ মোল্যাকে গ্রেফতার করে পুলিশ। ফরিদের গ্রেফতারের বিষয়ে আমি কিছুই জানি না। কিন্তু ওই আওয়ামী লীগ নেতার সমর্থকদের ধারণা, আমি তাকে গ্রেফতার করিয়েছি। এরপর শুক্রবার সন্ধ্যায় আমি মাঝারদিয়া বাজারে গেলে আওয়ামী লীগ নেতা ফরিদ মোল্যার সমর্থকরা আমার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় আমার একটি দাঁত ভেঙে পড়ে গেছে।

সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান বলেন, বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মামলার একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

Exit mobile version