সাইফুল ইসলাম : মানিকগঞ্জে মাদক মামলায় জামিনে কারাগার থেকে বের হওয়ার এক মাসের মধ্যেই ফের গাড়ি চুরির অভিযোগে মো. রাসেল মিয়া (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে ঢাকার ধামরাই উপজেলার জয়পাড়া কালীমন্দির এলাকায় অভিযান চালিয়ে গাড়িসহ রাসেলকে আটক করা হয়।
দুপুর পৌনে ৩টার দিকে পিবিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই মানিকগঞ্জের পুলিশ সুপার জয়িতা শিল্পী।
আটক রাসেল মিয়া মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।
পিবিআই সূত্রে জানা গেছে, শনিবার রাতে মানিকগঞ্জ সদর উপজেলার পালড়া এলাকায় গাড়ির মালিক মহসীন মিয়া তার প্রাইভেটকারটি একটি গ্যারেজে রাখেন। রোববার ভোরে গাড়ি নিয়ে বের হওয়ার জন্য গ্যারেজে গিয়ে তিনি দেখতে পান দরজা ভাঙা এবং গাড়িটি নেই। পরে বিষয়টি পিবিআইকে জানানো হলে গাড়ি উদ্ধারে অভিযান শুরু করে সংস্থাটি।
পিবিআই পরিদর্শক সুখেন্দু বসু বলেন, গাড়ি চুরির খবর পাওয়ার পরপরই তথ্যপ্রযুক্তির সহায়তায় গাড়িটির অবস্থান শনাক্ত করা হয়। পরে ধামরাই উপজেলার জয়পাড়া কালীমন্দির এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া গাড়িসহ রাসেল মিয়াকে আটক করা হয়।
পিবিআই পুলিশ সুপার জয়িতা শিল্পী বলেন, জিজ্ঞাসাবাদে রাসেল গাড়ি চুরির কথা স্বীকার করেছেন। তিনি জানান, রাসেল দীর্ঘদিন সৌদি আরবে থাকার পর দেশে ফিরে মাদক ও চুরির সঙ্গে জড়িয়ে পড়েন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং একাধিকবার কারাভোগ করেছেন। প্রায় এক মাস আগেই তিনি একটি মাদক মামলায় জামিনে কারাগার থেকে বের হন।
জয়িতা শিল্পী আরও বলেন, গাড়ি চুরির ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
