চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
রোববার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩০ জানুয়ারি ‘A’ ইউনিট, ৫ ফেব্রুয়ারি ‘B’ ইউনিট, ২৯ জানুয়ারি ‘C’ ইউনিট এবং ৬ ফেব্রুয়ারি ‘D’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ‘B1’ উপ-ইউনিটের পরীক্ষা ৩ ফেব্রুয়ারি, ‘B2’ উপ-ইউনিটের পরীক্ষা ৪ ফেব্রুয়ারি এবং ‘D1’ উপ-ইউনিটের পরীক্ষা ৮ ফেব্রুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ‘A’, ‘B’, ‘C’ ও ‘D’ ইউনিটের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী বিভাগীয় শহরে একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে। চট্টগ্রামে পরীক্ষা হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং রাজশাহীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
তবে ‘B1’, ‘B2’ ও ‘D1’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীরা আগামী ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির ২৩ আগস্টের সভার সিদ্ধান্ত অনুযায়ী এসব সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
