অপূর্বের বড় পর্দায় ফেরা: একসঙ্গে ৪ সিনেমার প্রস্তাব, চলছে আলোচনা

টেলিভিশন ও ওটিটিতে জনপ্রিয়তার দৌড়ে দীর্ঘদিন ধরেই এগিয়ে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ছোট পর্দার ব্যস্ততা আর ওটিটির নানা চরিত্রে দর্শকদের মুগ্ধ করার পর এবার বড় পর্দায় ফেরার সম্ভাবনার খবর দিলেন এই অভিনেতা। একসঙ্গে চারটি সিনেমার প্রস্তাব নিয়ে নির্মাতাদের সঙ্গে আলোচনা চলছে। তবে কোন সিনেমার মাধ্যমে ফের বড় পর্দায় দেখা যাবে তাকে, সে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।

দুই দশকের বেশি সময়ের অভিনয় ক্যারিয়ারে অপূর্বকে সিনেমায় দেখা গেছে মাত্র দুবার। ২০১৫ সালে ‘গ্যাংস্টার রিটার্নস’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। তবে সিনেমাটি প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় এরপর আর নিয়মিত সিনেমায় কাজ করেননি তিনি।

দীর্ঘ বিরতির পর ২০২৪ সালে কলকাতার সিনেমা ‘চালচিত্র’-এ অভিনয় করেন অপূর্ব। সিনেমাটিতে তার উপস্থিতি ছিল তুলনামূলকভাবে স্বল্প সময়ের। তবুও অভিনয়ের জন্য দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ান তিনি। এরপর প্রায় দুই বছর নতুন কোনো সিনেমায় দেখা যায়নি তাকে।

এবার অবশ্য পরিস্থিতি ভিন্ন। একসঙ্গে চারটি সিনেমা নিয়ে আলোচনা চলছে জানিয়ে অপূর্ব বলেন, এখনো কোনো প্রকল্পের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগে সিনেমার নামও প্রকাশ করতে চান না তিনি।

গণমাধ্যমকে অপূর্ব বলেন, ‘এখনো আলোচনা চূড়ান্ত হয়নি। শুধু এতটুকু বলতে পারি, একসঙ্গে চারটি সিনেমা নিয়ে কথা হচ্ছে। অনেক সময় শুটিং শুরু হওয়ার পরও শেষ পর্যন্ত সিনেমাটি হয় না। তাই আগে থেকে কিছু বলতে চাই না। যখন নিশ্চিত হব, তখন আনুষ্ঠানিকভাবে সবাইকে জানাব।’

Exit mobile version