প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ আজ রোববার বিকালে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বললেন, ফ্যাসিবাদীরা ১৭ বছরে উন্নয়নের নামে এ দেশকে আমদানিনির্ভর করে দিয়ে গেছে। ফ্যাসিবাদীদের পতনের পর আমাদের এখন ধার করে চলার মতো অবস্থা হচ্ছে; তবে ভয়ের কিছু নেই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিতে বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন। বিদ্যুৎ নিয়ে আপনারা এই মুহূর্তে সমস্যায় আছেন, তা আমরা বুঝি; তবে আমাদের একটু সময় দেন, খুব তাড়াতাড়ি সব সমস্যা দূর হবে। আমরা ধীরে ধীরে নিজেদের দেশেই গ্যাস-বিদ্যুৎসহ সবকিছু উৎপাদনের মাধ্যমে চাহিদা পূরণের লক্ষ্যে কাজ করছি।
আবু আবদুল্লাহ এম ছালেহ বলেন, বিএনপি এ দেশের মানুষের হৃদয়ের কথা জানে; সব ধর্ম, বর্ণ, মত ও পথের মানুষ নিয়ে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে ইতোমধ্যেই পরিকল্পনার বাস্তবায়ন চলছে। প্রতিটি পরিবার ফ্যামিলি কার্ড, এমনকি আমার পরিবারও পাবে। শিক্ষার্থী, শিক্ষক, ক্রীড়াবিদ, ব্যবসায়ী, কৃষক, চিকিৎসকসহ সব পেশার লোকজনকে নিয়ে আলাদা আলাদা প্ল্যান রয়েছে। ২৪-এর ২৫ ডিসেম্বর বিএনপির চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তনের দিন ‘আই হ্যাভ এ প্ল্যান’ বলে যে কমিটমেন্ট দিয়েছিল, অবশ্যই তার সফল বাস্তবায়ন হবে। মোটকথা মানুষের মৌলিক চাহিদা পূরণে সরকার কাজ করছে- এজন্য একটু ধৈর্য ধরতে হবে।
