স্কুলছাত্রী ধর্ষণ: সাবেক যুবলীগ নেতা হেলাল আটক, ভিডিও ভাইরাল

এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে নোয়াখালীর হাতিয়ায় মো. হেলাল উদ্দিন নামে এক সাবেক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। আটক হেলাল উদ্দিন ওই এলাকার বেলায়েত খলিফার ছেলে। স্থানীয় বাজারে তার ওষুধের দোকান রয়েছে।

উপজেলার হরণী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আদর্শ গ্রাম এলাকায় আজ রোববার সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ৮টার দিকে হেলাল উদ্দিন ওই স্কুলছাত্রীকে কৌশলে তার ওষুধের দোকানের পেছনে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি টের পেয়ে আশপাশের স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে তাকে হাতেনাতে আটক করে। পরে গ্রামপুলিশের মাধ্যমে খবর দেওয়া হলে হাতিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হেলাল উদ্দিনকে আটক করে থানায় নিয়ে যায়।

ঘটনার পর এ সম্পর্কিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এলাকাবাসী দ্রুত অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানান, হেলালের বিরুদ্ধে পূর্বেও নারী নির্যাতনের একাধিক অভিযোগ রয়েছে। গত ৫ আগস্ট এক নারীকে ধর্ষণচেষ্টার ঘটনায় স্থানীয় সালিশে তাকে ৫০টি বেত্রাঘাত ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। তবে সালিশের পরও তিনি অপরাধমূলক কার্যক্রম থেকে সরে আসেননি।

এ বিষয়ে হাতিয়া থানার ওসি মোহাম্মদ কবির হোসেন জানান, স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হেলাল উদ্দিনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ভুক্তভোগী স্কুলছাত্রীও বর্তমানে পুলিশি হেফাজতে ও সুরক্ষায় রয়েছে।

Exit mobile version